নিজস্ব প্রতিবেদক: মালয়েশিয়ার মেলাকার বান্দা হিলির জালান বুকিত সেনজুয়াং এলাকায় নির্মাণাধীন একটি ভবন ধসে এক বাংলাদেশি শ্রমিকের মৃত্যুর ঘটনা ঘটেছে এবং আরও দুইজন আহত হয়েছেন।
শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে ঘটে যাওয়া এই দুর্ঘটনার বিষয়ে সেন্ট্রাল মেলাকা জেলা পুলিশের প্রধান সহকারী কমিশনার ক্রিস্টোফার প্যাটিট জানিয়েছেন, নিহত শ্রমিকের নাম জিদান (২২)। উদ্ধারকারী দলের সহায়তায় স্থানীয় সময় রাত ৯টা ৫০ মিনিটে তার লাশ উদ্ধার করা হয়। এ দুর্ঘটনায় আরও দুইজন পাকিস্তানি শ্রমিক, একজনের বয়স ৩২ এবং অন্যজনের ৪৯ বছর, গুরুতর আহত হন। তাদের সন্ধ্যা ৬টা ৪০ মিনিট এবং ৮টা ৪৫ মিনিটে ভবনের প্রথম তলার ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, ধ্বংসস্তূপে আটকা পড়ার আগে ওই তিন শ্রমিক কংক্রিটের কাজ করছিলেন। মেলাকা ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের ডেপুটি ডিরেক্টর আর. সাইফুল ইসওয়ান্দি আর হাসান জানিয়েছেন, সন্ধ্যা ৬টা ১৮ মিনিটে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার ব্রিগেড দেখতে পায় যে নির্মাণাধীন ৬০ থেকে ৮০ ফুট উঁচু ভবনটির পুরো প্রথম তলাটি ভেঙে নীচে পড়ে গেছে।
উদ্ধার কাজে ফায়ার অ্যান্ড রেসকিউ স্টেশনের (বিবিপি) পাদাং টেমু এবং বিবিপি মেলাকা টেঙ্গার মোট ৮১ জন সদস্য অংশ নিয়েছেন, যারা কংক্রিটের ধ্বংসস্তূপের নিচ থেকে আহত ও নিহতদের উদ্ধার করেছেন।
